স্টাফ রিপোর্টার : বিএনপি’র পরিচয়ে কেউ মাদক ব্যবসা করলে তাকে দলে রাখা হবে না জানিয়ে মাদক কারবারীদের গ্রেফতারের নির্দেশ দিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
শনিবার (২ মে) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।
সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান এ সময় আরো বলেন, বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করা হবে। দেশে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল করতে পারবেনা। মাদক সেবনকারী ও বিক্রয়কারীকে অতি দ্রুত গ্রেপ্তার নির্দেশ দেন তিনি।এ সময় দলের নেতাকর্মীদের দেশের জনগণের সাথে মিলেমিশে ভালো কাজ করার পরামর্শ দেন।
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন। এসময় বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী অনেকেই উপস্থিত ছিলেন
