আশুলিয়ায় ফেনসিডিলসহ নারী মাদক কারবারি আটক
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এসময় তার কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।
গ্রেপ্তার আসামি মোছা. নাসিমা (৬২) রাজশাহী জেলার তানোর থানার চান্দুরীয়া এলাকার মৃত নূর মোহাম্মদের মেয়ে এবং একই এলাকার মো. ইয়াছিন আলীর স্ত্রী।
র্যাব জানায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল ব্রিজ সংলগ্ন উত্তর পার্শ্বে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনাকালে বিভিন্ন যানবাহনের যাত্রীদের তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। এসময় সোনার তরী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে নাসিমা নামের এক নারীর পরিহিত বোরখার নিচে তার শরীরের সামনের দিকে পেটের সাথে সুকৌশলে স্কচটেপ দিয়ে বাধা অবস্থায় থাকা ৪৮ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, গ্রেপ্তার আসামি একজন সক্রিয় পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা রাজশাহী থেকে কম দামে মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট অধিকদামে বিক্রয় করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব-৪ মাদক নির্মূলে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
