স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র আগামী ২ মে যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসির যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের এই নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ মে ১১টায় ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন।
পরে সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন।
