ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে অটোরিকশা ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে চালককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীবেশে তিন যুবক আরিফ নামে অটোচালককে গলায় গামছা প্যাঁচিয়ে টেনে ভুট্টাখেতে নিয়ে হত্যার চেষ্টা করে।
মঙ্গলবার সন্ধ্যায় আমতা ইউনিয়নে বিডিফুডের পেছনের রাস্তায় বড়নারায়ণপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
অটোচালক মো. আরিফ হোসেন বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের মৃত সিদ্দিক দেওয়ানের ছেলে।
ভুক্তভোগী আরিফ অভিযোগ করে বলেন, তিনজনে মিলে ভাড়া করে সাটুরিয়ার কথা বলে আমাকে তালতলা নিয়ে যায়। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা আমাকে গলায় গামছা প্যাঁচিয়ে ভুট্টাখেতে নিয়ে হত্যার চেষ্টা চালায়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়।
তিনি বলেন, তিনজনের মধ্যে দুইজনকে আমি চিনতে পারছি। তারা হলেন- বালিয়া ইউনিয়নের সুত্রাপুর গ্রামের সামছুল হকের সোহেল ও অপরজন একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে মালু।
এ ব্যাপারে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন বলেন, বিষয়টি অবগত হয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
