সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজারে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেলের একটি বড় ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টা থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ নামক একটি দোকানের গুদামঘর থেকে ২৪ ড্রাম অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়।
এছাড়া এসব জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণও পাওয়া যায়।
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। অভিযানে মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজের মালিক মো: মিলন মাহমুদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ, মজুদ ও অধিক দামে বিক্রির অপরাধে এক এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মজুদকৃত ২৪ ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়।
জব্দকৃত জ্বালানি তেল সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো: মাজহারুল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে সরকারি নির্ধারিত মূল্যে এসব জ্বালানি তেল বিক্রয় করা হবে। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
