আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত ডাকাতদল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামের সালাম মেম্বারের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাত কবলিত বাড়ির সদস্যরা জানান, সোমবার ফজরের আযানের পূর্বে ৮ থেকে ১০ সদস্যের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত সালাম মেম্বরের বাড়ির দোতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে ৫০ ভরি স্বর্ণাঙ্কার, নগদ আড়াই লাখ টাকাসহ মালামাল লুটে নিয়ে যায়।
গৃহকর্তার স্ত্রী জানান, ডাকাতদের সকলের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা চলে যাওয়ার সময় ওই বাড়ির সবাইকে থানা পুলিশ করলে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যায়। খবর পেয়ে সকালে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে।
পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের আটকের প্রক্রিয়া চলছে।
