স্টাফ রিপোর্টার: সাভারে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতরা হলেন, সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের কাদির হোসেন (রাজু), তার বাবা আব্দুল আলী ও বোন শারমিন আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাকুর্তা এলাকার চুনারচর মৌজায় প্রায় ৫.২০ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২২ মার্চ প্রতিপক্ষরা জোড়পূর্বক প্রায় ১ শতাংশ জমি দখল করে নেয়। এ ঘটনায় ২ এপ্রিল সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
এরই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল দুপুর আনুমানিক ২টারদিকে অভিযুক্ত কিয়াম উদ্দিন (৪৫), তারিকুল ইসলাম (২৩), বাইজিদ বস্তান (৬৭), আবুল কাশেম (৩৬), রহিমা বেগম (৪৩), রাশিদা বেগম (৬৪) ও আয়শা বেগম (৪২)সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে আহতদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় কাদির হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় উল্লিখিতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
