কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ উপজেলায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবা নিশ্চিত করতে বিদ্যমান ৫টি ইউনিয়ন ভেঙে নতুন আরও ৫টি ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রস্তাব দিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ।
গত ২৭ মার্চ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি ডিও লেটার প্রদান করেছেন। তার সুপারিশের প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নিয়েছে এবং এ বিষয়ে প্রতিবেদন দিতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী—
১.হোয়াইক্যং ইউনিয়ন ভেঙে ‘মধ্যম হোয়াইক্যং ইউনিয়ন’
২.হ্নীলা ইউনিয়ন ভেঙে ‘দক্ষিণ হ্নীলা ইউনিয়ন’
৩.টেকনাফ সদর ইউনিয়ন ভেঙে ‘টেকনাফ উত্তর বা লেঙ্গুরবিল ইউনিয়ন’
৪. সাবরাং ইউনিয়ন ভেঙে ‘শাহপরীরদ্বীপ ইউনিয়ন’ ও
৫. বাহারছড়া ইউনিয়ন ভেঙে ‘বড় ডেইল ইউনিয়ন’ প্রস্তাব করা হয়েছে।
নতুন ইউনিয়নগুলো গঠনের জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে টেকনাফ উপজেলার মোট ইউনিয়নের সংখ্যা দাঁড়াবে ১০টিতে। এতে দুর্গম এলাকার মানুষের প্রশাসনিক ভোগান্তি কমবে এবং তৃণমূল পর্যায়ে সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ বিষয়ে দ্রুত প্রতিবেদন ও সুপারিশ প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
