রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে ভাইয়ের হাতে ভাই খুন, পাঁচজনের বিরুদ্ধে মামলা
daily-fulki

সিংগাইরে ভাইয়ের হাতে ভাই খুন, পাঁচজনের বিরুদ্ধে মামলা


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ভয়াবহ রূপ নিয়ে কেড়ে নিল একটি প্রাণ। ছোট ভাইয়ের হামলায় নিহত হয়েছেন বড় ভাই নজরুল খন্দকার (৬২)। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।


শনিবার (২৫ এপ্রিল) নিহতের ছেলে খন্দকার রাফি বাদী হয়ে তার চাচা ওয়াহিদ খন্দকারসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। এছাড়া মামলায় আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার।


এরআগে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল পৌনে ৪টারদিকে সিংগাইর পৌরসভার গোলড়া মহল্লায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নজরুল খন্দকার স্থানীয় মৃত গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নজরুল খন্দকারের সঙ্গে তার ছোট ভাই ও ভাতিজাদের মধ্যে উত্তেজনা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেদিন স্থানীয় মুরুব্বিরা একটি সালিস বৈঠকের আয়োজন করেন। কিন্তু সেই বৈঠকই মুহূর্তেই রূপ নেয় সহিংসতায়।


অভিযোগ রয়েছে, বৈঠকের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন নজরুল খন্দকারকে লাথি মেরে ফেলে দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একই সময়ে তার ছেলে অভি খন্দকার (২৮)-কে ইট দিয়ে আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নজরুল খন্দকারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার্ড করেন। পরবর্তীতে ঢাকার সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


অন্যদিকে, গুরুতর আহত অভি খন্দকার বর্তমানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এই রক্তাক্ত ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে, বইছে শোকের মাতম।
 

সর্বাধিক পঠিত