রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে মাথাল আর কাঁচি নিয়ে জমি রক্ষায় রাস্তায় কৃষকরা
daily-fulki

মানিকগঞ্জে মাথাল আর কাঁচি নিয়ে জমি রক্ষায় রাস্তায় কৃষকরা


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে কালিগঙ্গা নদীর তীর ঘেঁষে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষকরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এ কর্মসূচিতে চামটা, পৌলী ও খাগড়াকুড়ি গ্রামের কৃষকসহ কয়েকশ বাসিন্দা অংশ নেন।


মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা মাথায় মাথাল ও হাতে কাঁচি নিয়ে অংশ নেন। তারা মাঠ-জমি রক্ষার দাবিসম্বলিত নানা ধরনের প্ল্যাকার্ড বহন করেন। নারীরাও ঝাড়ু ও লাঠি হাতে ‘মাটিখেকোদের’ বিরুদ্ধে মানববন্ধনে যোগ দেন।


কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজে অবস্থান নেন। এতে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও আশ্বাসে তারা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


মানববন্ধনে অংশ নেওয়া কৃষকদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে কালিগঙ্গ নদীর তীর ঘেষে পৌলী, চামটা ও খাগড়াছড়ি এলাকায় ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে আবাদি জমি গভীর গর্তে পরিণত হচ্ছে এবং আশপাশের জমিও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। কৃষি উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।


কৃষকরা জানান, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মেহের আলী, মো. কুদ্দুস মিয়া, রমজান আলী খান, সহমুদ্দিন, আব্দুস সালাম, মো. শুকুর মিয়া, মৌসুমী বেগম ও রোকিয়া বেগমসহ স্থানীয়রা। 


বক্তারা বলেন, দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ না হলে আমরণ অনশনে যাবেন। এ সময় বিক্ষোভকারীরা স্থানীয় সংসদ সংসদের হস্তক্ষেপ কামনা করে ফসলি জমি রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
 

সর্বাধিক পঠিত