মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইর-এ জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নজরুল খন্দকার (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টারদিকে সিংগাইর পৌরসভার গোলড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল খন্দকার স্থানীয় মৃত গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল খন্দকারের সঙ্গে তার ছোট ভাই ওহেদ খন্দকার এবং ভাতিজাদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য ঘটনার দিন স্থানীয় মুরুব্বিরা উভয় পক্ষকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেন। তবে বৈঠক চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
অভিযোগ রয়েছে, এ সময় প্রতিপক্ষের লোকজন নজরুল খন্দকারকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একই সঙ্গে তার ছেলে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর রক্তাক্ত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নজরুল খন্দকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। পরবর্তীতে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, অভি খন্দকার বর্তমানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর থানার জরুরী ডিউটিরত এসআই রেজাউল করিম -২ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
