বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় ফয়সল হত্যার আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
daily-fulki

আশুলিয়ায় ফয়সল হত্যার আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় মোবাইল ফোন কেড়ে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর ফয়সল মোল্লা হত্যা মামলার মূল আসামিকে ঘটনার এক সপ্তাহের মধ্যেই গ্রেপ্তার করেছে পিবিআই। বিপ্লব হাসান বিপু (২৮) নামে ওই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।


বুধবার (২২ এপ্রিল) পিবিআই সদর দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে।
পিবিআই জানায়, গত ১৯-২০ এপ্রিল অভিযান চালিয়ে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সাতৈর এলাকা থেকে বিপুকে গ্রেপ্তার করা হয়।


পরদিন ২১ এপ্রিল সকালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় একটি নার্সারির কাঁঠাল গাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ‘দা’ উদ্ধার করা হয়।


গত ১৫ এপ্রিল আশুলিয়া থানাধীন শ্রীখন্ডিয়া এলাকায় প্রকাশ্য দিবালোকে ফয়সল মোল্লাকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়।


এ ঘটনায় তার বাবা মো. হুমায়ুন কবির বাদী হয়ে ১৬ এপ্রিল আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিপ্লব হাসান বিপু (২৮), মাসুদ (৩৪) এবং অজ্ঞাতনামা আরও ১/২ জনকে আসামি করা হয়।
ঘটনার পরপরই আসামিরা পালিয়ে আত্মগোপনে চলে যায়।


মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হওয়ায় ১৯ এপ্রিল পিবিআই ঢাকা জেলা স্বপ্রণোদিত হয়ে তদন্তভার গ্রহণ করে। বর্তমানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আহসান উল্লাহ মামলাটির তদন্ত করছেন।


তদন্তে জানা যায়, নিহত ফয়সল মোল্লা আসামিদের দূর সম্পর্কের আত্মীয়। দীর্ঘদিনের বিরোধ ও ক্ষোভের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার দিন মোবাইল ফোন ফেরত দেওয়া নিয়ে বিরোধের একপর্যায়ে মাসুদ লোহার রড দিয়ে ফয়সলকে অতর্কিত আঘাত করেন। এ সময় বিপু ফয়সলের হাতে থাকা দা ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করেন এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


পিবিআই জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান।
 

সর্বাধিক পঠিত