মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে হঠাৎ করেই ঝটিকা পরিদর্শনে হাজির হন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা প্রায় ১১টারদিকে তিনি উপজেলার দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র-জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়—আকস্মিকভাবে পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রীর এই হঠাৎ পরিদর্শন পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের অংশ।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী কেন্দ্রগুলোর শৃঙ্খলা, পরীক্ষার পরিবেশ, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং নকল প্রতিরোধ ব্যবস্থা ঘুরে দেখেন। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
দুপুর প্রায় ১২টারদিকে সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি পরীক্ষার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহারসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই আকস্মিক পরিদর্শনকে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতে সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
