মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ইসিতে জামায়াত জোটের ১৩ প্রার্থীর মনোনয়ন জমা
daily-fulki

ইসিতে জামায়াত জোটের ১৩ প্রার্থীর মনোনয়ন জমা


স্টাফ রিপোর্টার : সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নিজেদের জন্য নির্ধারিত আসনে প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে তারা রিটার্নিং কর্মকর্তার কাছে এই ফরম জমা দেন।

জামায়াত জোটের পক্ষ থেকে মোট ১৩ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত ৮ জন প্রার্থী হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।


শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া জাগপা ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিরাও এই তালিকায় রয়েছেন।

উল্লেখ্য, এই জোটের পক্ষ থেকে জুলাইয়ের গণ-আন্দোলনে নিহত এক শিশুর মা রোকেয়া বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা একে একটি বিশেষ প্রতীকী বার্তা হিসেবে দেখছেন।


তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামীকাল ও পরশু (২২-২৩ এপ্রিল) বাছাই শেষে ২৯ এপ্রিল প্রত্যাহারের সময় শেষ হবে। যেহেতু বড় রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আসন বণ্টনে আগেই একমত হয়েছে, তাই ধারণা করা হচ্ছে অধিকাংশ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। শেষ পর্যন্ত ভোট গ্রহণের প্রয়োজন হলে তা আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।
 

সর্বাধিক পঠিত