স্টাফ রিপার্টার : মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন বলে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রাখে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের আঁটসাঁট লাইনে সহজে রান তুলতে পারেননি কিউই ওপেনাররা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড প্রথম ৫ ওভারে মাত্র ১২ রান তুলতে পারে, যার মধ্যে ৮ রানই আসে তাসকিনের এক ওভারের শেষ দুই বলে। শুরুর এই চাপে ব্যক্তিগত রান তুলতেও ভুগছিলেন ব্যাটাররা।
এই চাপে বোলিং পরিবর্তন আনে বাংলাদেশ, তাতেই আসে সাফল্য। আক্রমণে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন নাহিদ রানা।
তার ডেলিভারি খেলতে গিয়ে প্যাডে আঘাত পান নিকোলস। জোরালো আবেদনে আম্পায়ার আউট দিলে নিক কেলির সঙ্গে কথা বলে রিভিউ না নিয়েই মাঠ ছাড়েন তিনি।
তার বিদায়ে ভাঙে ৪৪ বলে গড়া ২৫ রানের উদ্বোধনী জুটি। নিকোলস ২৬ বলে ২ চারে ১৩ রান করে ফেরেন।
নিজের পরের ওভারের প্রথম বলেই দ্বিতীয় সাফল্য তুলে নেন নাহিদ। তার গতির ডেলিভারি ব্যাট ছুঁয়ে সোজা চলে যায় সৌম্য সরকারের কাছে, সহজ ক্যাচ নিতে ভুল করেন না আফিফ হোসেনের পরিবর্তে একদশে সুযোগ পাওয়া সৌম্য। আউট হওয়ার আগে ৭ বলে ২ রান করেন উইল ইয়াং।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৬ রান তুলেছে কিউইরা।
