স্টাফ রিপোর্টার : সাভারে এক তরুণীকে (১৬) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকা থেকে তাদের আটক করে সাভার মডেল পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার ডগরমোড়ার লিটনের মালিকাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সাভার পৌর এলাকার ডগরমোড়ার লিটনের ছেলে শান্ত (২০) এবং একই এলাকার ইমন মোল্লা ওরফে আশিক (২৪)।
ভুক্তভোগী তরুণীর বাবা বলেন, বৃহস্পতিবার বিকেলে আমার মেয়ে দোকানে গিয়েছিল। এ সময় দোকান থেকে ফেরার পথে শান্ত নামে একটি ছেলে আমার মেয়ের ওড়না টেনে তাদের বাড়ির সামনে নিয়ে যায়। পরে আমার মেয়ে ওড়না নেওয়ার জন্য শান্তের বাড়ির সামনে গেলে হাত-মুখ চেপে ধরে বাড়ির ভেতরে জোর করে নিয়ে যায়। পরে শান্ত, ইমনসহ ৪ জন মিলে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে এবং পুলিশকে জানালে ভিডিও ছেড়ে দেওয়া হুমকি দেন ধর্ষণকারীরা বলে জানান তিনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ভুক্তভোগী তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ছাড়া ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
