শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা
daily-fulki

থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা


দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের সময়টা যেন ভালো যাচ্ছে না। কিছুদিন আগেই তাঁর সিনেমা মুক্তির আগেই এইচডি প্রিন্ট ফাঁস হয়ে পাইরেসির শিকার হয়। এর মধ্যেই নতুন করে আইনি জটিলতায় পড়েছেন এই তারকা। জানা গেছে, তাঁর বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তামিল সিনেমার জনপ্রিয় মুখ এবং রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয় নির্বাচনের আগে নতুন বিতর্কে জড়িয়েছেন।

পুলিশের অভিযোগ, নির্ধারিত নিয়ম ভেঙে চেন্নাইয়ের ব্যস্ত এলাকায় রোড শো করেছেন তিনি।

চেন্নাই পুলিশের দাবি, বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হলেও তিনি টি নগর, থাউজ্যান্ড লাইটস এবং এগমোর এলাকাজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন। এ সময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাঁকে স্বাগত জানান।


ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।
নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় করা এ মামলায় সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে।

মিড-ডে বলছে, পশ্চিম মাম্বালাম, নুঙ্গামবাক্কাম এবং ভেপেরির মতো এলাকাসহ চেন্নাই জুড়ে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।



এ মামলায় বিজয়ের পাশাপাশি টিভিকে-র একাধিক নেতার নামও রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি বিজয় কিংবা তাঁর দল।

এদিকে নির্বাচনের ঠিক আগে এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে, এখন সেটিই দেখার অপেক্ষা।

 

সর্বাধিক পঠিত