স্টাফ রিপোর্টার : দক্ষিণ কেরানীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে জখম করে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।
র্যাব জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাস এলাকায় একটি চীনা প্রকল্পে প্রবেশ করে। শ্রমিকদের শিফট পরিবর্তনের সময় সুযোগ নিয়ে ডাকাতরা মূল ফটক দিয়ে ভেতরে ঢুকে পড়ে।এরপর তারা দায়িত্বরত নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে এবং প্রকল্প এলাকায় তাণ্ডব চালায়।
একপর্যায়ে ডাকাতরা চীনা নাগরিক ওয়েন জিনহুয়ার কক্ষে প্রবেশ করে লুটপাটের চেষ্টা চালায়। এ সময় তিনি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ডাকাতরা বিভিন্ন ব্র্যান্ডের ১০টি আইফোন ও স্মার্টফোন, তিনটি দামি ঘড়ি এবং প্রায় সাত লাখ টাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনার সময় তারা সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করে।
র্যাব আরও জানায়, ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মাসুদ রানা, নাছির পিয়াদা, হৃদয় মীর, রোমান শেখ ও মো. মামুন।
গ্রেফতারদের কাছ থেকে তিনটি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, দুটি মোবাইল ফোন এবং ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব।
আহত ওয়েন জিনহুয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
