বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে ১৭ দিনেও দায়িত্ব বুঝে পাননি নতুন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার
daily-fulki

সিংগাইরে ১৭ দিনেও দায়িত্ব বুঝে পাননি নতুন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রকৌশল দপ্তরে (এলজিইডি) দায়িত্ব হস্তান্তর নিয়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। বদলির আদেশ জারি হওয়ার পরও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না বলে অভিযোগ ওঠেছে। ফলে সদ্য যোগদানকারী প্রকৌশলী গোলাম সামদানী ১৭ দিন পার করেও দায়িত্ব গ্রহণ করতে পারছেন না। এতে ব্যাহত হচ্ছে দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।


বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকর্মীরা উপজেলা প্রকৌশল কার্যালয়ে গিয়ে এ ঘটনার সত্যতা পান। এ সময় প্রকৌশলীর কক্ষে গিয়ে দেখা যায়, প্রধান চেয়ারটি ফাঁকা পড়ে আছে। আর পাশে বসে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী গোলাম সামদানী চার্জ বুঝে নেওয়ার অপেক্ষায় সময় পার করছেন।


গোলাম সামদানী জানান, গত ২৯ মার্চ তার বদলির আদেশ জারি হয়। এরপর মানিকগঞ্জ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রতিদিনই তিনি সিংগাইরে এসে দায়িত্ব বুঝে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু দায়িত্বে থাকা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া বিভিন্ন অজুহাতে, বিশেষ করে সম্ভাব্য পদোন্নতির কথা উল্লেখ করে, চার্জ বুঝিয়ে দিচ্ছেন না। তিনি বলেন, দ্রুত দায়িত্ব বুঝে না পেলে জুন ক্লোজিং এবং চলমান উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে।


এ বিষয়ে  দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম ও মাহাবুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।


অভিযোগের বিষয়ে মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, “আশা করছি এক মাসের মধ্যেই আমার পদোন্নতি হবে। এ কারণে এখনই চার্জ বুঝিয়ে দিচ্ছি না। এটি একটি স্যাক্রিফাইজের বিষয়।”
তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, জুন ক্লোজিং উপলক্ষে বিভিন্ন প্রকল্পের ঠিকাদারদের বিল-ভাউচার পাসের সময় সংশ্লিষ্টতা থাকায় দায়িত্ব ছাড়তে অনাগ্রহ দেখা যাচ্ছে।


সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন, “বদলির আদেশ হওয়ার পরও চার্জ বুঝিয়ে না দেওয়ার বিষয়টি আমার জানা আছে। তবে বিধি অনুযায়ী অর্ডার কপি আমার কাছে আসার কথা, যা এখনো পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এ ব্যাপারে  মানিকগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির জানান, নির্বাহী প্রকৌশলী দেশের বাইরে থাকলেও তিনি দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।

 

সর্বাধিক পঠিত