স্টাফ রিপোর্টার : সাভার ও আশুলিয়া অঞ্চলে সাম্প্রতিক সময়ে তীব্র বিদ্যুৎ সংকট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দিন-রাতের অধিকাংশ সময় জুড়ে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে গরমের এই সময়ে বিদ্যুতের অনিয়মিত সরবরাহ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনে অসংখ্যবার বিদ্যুৎ চলে যাচ্ছে এবং কখন আসবে তার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা মো. সাইদুল ইসলাম বলেন, “প্রতিদিন ৮-১০ বার বিদ্যুৎ যায়। অনেক সময় আধা ঘণ্টা থেকে আবার চলে যায়, এক ঘণ্টা পর্যন্ত থাকে না। এতে ব্যবসায়ীরা পড়েছে দারুণ বিপাকে। এছাড়া গরমে ঘরে থাকা যায় না, বাচ্চারা কষ্ট পায়।”
শিক্ষার্থীরাও এই পরিস্থিতিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক অভিভাবক তাদের সন্তানের পড়াশোনার ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
শুধু বাসাবাড়িই নয়, শিল্পকারখানাও বিদ্যুৎ সংকটে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। আশুলিয়া শিল্পাঞ্চলের একটি গার্মেন্টস কারখানাসহ ছোট-বড় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে “ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার কারণে উৎপাদনসহ ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। জেনারেটর চালাতে অতিরিক্ত খরচ হচ্ছে, যার ব্যয় মিটানো অসম্ভব হয়ে পড়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় এবং লাইনে কারিগরি সমস্যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গরমের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি, তবে কিছুটা সময় লাগবে।”
সব মিলিয়ে, সাভার ও আশুলিয়ায় এখন বিদ্যুৎ সংকট একটি বড় জনদুর্ভোগে পরিণত হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
