বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে ঐতিহ্যের পালকিতে চড়ে এলো বৈশাখের রঙিণ বার্তা
daily-fulki

সিংগাইরে ঐতিহ্যের পালকিতে চড়ে এলো বৈশাখের রঙিণ বার্তা

 

মাসুম বাদশা, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বর্ণিল আয়োজন ও বাঙালিয়ানার আবেগে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৮টায় জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গানের সুরধ্বনিতে সূচনা হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। প্রভাতের কোমল আলোয় ভেসে ওঠে নতুন বছরের আহ্বান, হৃদয়ে জাগে নবপ্রাণের উচ্ছ্বাস।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় মনোমুগ্ধকর বৈশাখী শুভযাত্রা। রঙিণ এই শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় সর্বত্র।

শোভাযাত্রায় ফুটে ওঠে চিরায়ত বাংলার রূপ-মাথাল, লাঙ্গল, কাস্তে, ঐতিহ্যবাহী পালকি; পুরুষদের পরনে পাঞ্জাবি, নারীদের শাড়ি ও গহনার সাজে যেন জীবন্ত হয়ে ওঠে গ্রামবাংলার আবহ। কারো হাতে কুলা, কারো কাঁখে কলসি-সব মিলিয়ে এক অপূর্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন।

এরপর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিশেষ আকর্ষণ ছিল উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশিত নৃত্য, যা দর্শকদের মুগ্ধতায় ভরিয়ে তোলে। পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীর কণ্ঠে ভেসে ওঠে দেশাত্মবোধক ও লোকজ গানের সুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কৃষি অফিসার মো. হাবিবুল বাশার চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অতিথিদের আপ্যায়নে ছিল বাঙালির চিরচেনা স্বাদ—খই, খেলনা, কদমা, পান্তাভাতের সঙ্গে নানা রকম ভর্তা ও ভাজি, আর ইলিশ মাছেরস্থলে রুই মাছের সুস্বাদু পদ। আগতদের গামছা দিয়ে বরণ করে নেওয়া হয়, যা বাংলার আতিথেয়তার এক অনন্য নিদর্শন।

উপজেলা চত্বর আলোকসজ্জায় ঝলমল না করলেও আলপনার নান্দনিক সাজে ফুটে ওঠে শুদ্ধতার সৌন্দর্য। পাশাপাশি নববর্ষ উপলক্ষে সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের বাঙালি খাবারের আয়োজন করা হয়, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

নববর্ষের এই আয়োজনে সিংগাইর যেন হয়ে উঠেছিল এক খণ্ড প্রাণের বাংলাদেশ-যেখানে ঐতিহ্য, সংস্কৃতি আর হৃদয়ের আবেগ মিলেমিশে সৃষ্টি করেছে এক অনন্য উৎসবের আবহ।

 

সর্বাধিক পঠিত