স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন। তারা হলেন ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এবং আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক মিনি আক্তার ঊর্মি ও এডভোকেট তৈয়বা আক্তার শশী।
রাজধানীর দলীয় কার্যালয়ে তারা এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার পর মিনি আক্তার ঊর্মি জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দলীয় প্রতিটি আন্দোলন, সমাবেশ ও সংগ্রামে তিনি রাজপথে থেকে অংশগ্রহণ করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়ে তার বিরুদ্ধে ২১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হন এবং মোট ২৬ দিন রিমান্ডে থেকে নির্যাতনের শিকার হন। একদিন তাকে চোখ ও মুখ বেঁধে গুম করেও রাখা হয়।
মিনি আক্তার ঊর্মি আরও বলেন, তিনি তৃণমূল রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এবং এলাকায় জনপ্রিয়তার প্রমাণ হিসেবে ছয়বার বিপুল ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি সাভার উপজেলা চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, দল তার অতীত কর্মকান্ড বিবেচনায় তাকে মনোনয়ন দিলে জনগণের অধিকার আদায়ে এবং নারীর ক্ষমতায়নে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।
এডভোকেট তৈয়বা আক্তার শশী জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধেও প্রজন্ম দল ও আইনজীবী ফোরামের সদস্য। এওছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগ থেকে মাস্টার্স পাশ করেছেন।
তিনি জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সক্রিয়ভাবে জড়িত ছিলো। তিনি আরও জানান, তার জন্ম একটি রাজনৈতিক পরিবারে। তার মা ডারফিন আক্তার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়াও তার মা ডারফিন আক্তার পরপর ৩ বার সাভার পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
