মেহেদী মামুন
রৌদ্রতাপে তপ্ত আকাশ,
তপ্ত মাঠের ধূলি,
বৈশাখ এলো ঝড়ের বেশে
দুয়ার দিলো খুলি।
খরতপ্ত রোদের দাহে
পুড়ছে চরাচর,
বটের ছায়ায় ক্লান্ত রাখাল
বাঁধছে সুরের ঘর।
ঐ দেখা যায় আকাশ কোণে
কালবৈশাখীর সাজ,
গড়গড়িয়ে মেঘের গুরুম—
বাজছে রণ-বাজ।
শুকনো পাতা উড়ছে হাওয়ায়
ভাঙছে ডালপালা,
ধুলোর নাচন দিচ্ছে জানান—
ভাঙবে এবার তালা।
হালখাতা আর মিষ্টিমুখের
রঙিন আয়োজন,
নতুনেরই আহ্বানে আজ
নাচছে সবার মন।
