মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়ার অপরাধের একটি মামলায় সাবেক ছাত্রদল নেতা, ইউপি সদস্যসহ (প্যানেল চেয়ারম্যান) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে মো. আলী হোসেন (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)। এর মধ্যে মো. আলী হোসেন উপজেলার গালা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, গ্রেপ্তার মো. আলী হোসেনের নামে একাধিক মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাঁর আপন ভাই বাতেনের বিরুদ্ধে ১০-১২টি মাদকের মামলা রয়েছে।
আফজাল হোসেন আরও বলেন, শুক্রবার থানার এক অফিসার ফোর্সসহ কালোই গ্রামে অভিযানে গেলে আলী মেম্বার তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং সরকারি কাজে বাধা দেন। এই ঘটনায় আলী মেম্বার ও আতাহার গাজীকে গত রাতেই গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’
