স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় নয়ারহাট এলাকা অভিযান চালিয়ে মোঃ মনিরুল ইসলাম (৪৬) নামের এক জাল টাকার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
এরআগে শুক্রবার রাত ১০টারদিকে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম ঝালকাঠি জেলার নলছিটি থানার গোপালপুর এলাকার মৃত আঃ মান্নানের ছেলে। বতর্মানে তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোলড়া এলাকায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার নয়ারহাট এলাকায় কতিপয় জাল টাকার কারবারি জাল টাকার নোটসহ অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামের এক জাল টাকার কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়। যার মধ্যে পুরাতন নকশার ৬২টি নোট ও নতুন নকশার ৩৮টি নোট রয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, আটককৃত আসামীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও ধর্ষণসহ বিভিন্ন ধরণের অন্তত ৫টি মামলা রয়েছে। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
