শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক
daily-fulki

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. রুবেল (৩৫) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এনভয় গার্মেন্টস সংলগ্ন মনিরের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার।

আটককৃত মো. রুবেল বরিশাল জেলার উজিরপুর থানার উটরা এলাকার মো. ইউনুস রাঢীর ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার জামগড়া ছোট রূপায়ন ছয়তলা এলাকায় বসবাস করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টারদিকে আশুলিয়ার জামগড়া এলাকার একটি হোটেল থেকে নাস্তা খেয়ে ঢাকার চকবাজারে মালপত্র কেনার উদ্দেশ্যে বেরিয়েছিলেন ঘনিষ্ঠ দুই বন্ধু আল আমিন ও পারভেজ। এ সময় জামগড়া ঈদগা মাঠ এলাকায় দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে তাদের পথরোধ করে দাঁড়ায়। কোনো কিছু বোঝার আগেই দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে আল আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে তাদের সঙ্গে থাকা নগদ দুই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়, উক্ত গোলাগুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে শুক্রবার (১০ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার এসআই মো. রাশেদুজ্জামান, এসআই মো. আবু তালেব ও এএসআই মো. আমিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জামগড়া এনভয় গার্মেন্টস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রুবেল নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, আটক ব্যক্তি অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেকোনো অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আশুলিয়া থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

সর্বাধিক পঠিত