স্টাফ রিপোর্টার : পঞ্চম হয়ে এশিয়ান গেমসের হকি বাছাই পর্ব শেষ করলো বাংলাদেশ। শুক্রবার (১০ এপ্রিল) স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে গতকাল হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ।
এই টুর্নামেন্ট শুরু হয়েছিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেও জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এই টুর্নামেন্টে চাইনিজ তাইপের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় পেলো আমিরুলরা।
ম্যাচের সাত মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করেন। তিন মিনিট পর সমতা আনে চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল। এতে ২-১ লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির ফিরেই ম্যাচে সমতা আনে চাইনিজ তাইপে। এরপর মেহরাব হোসেন সামিনের গোলে বাংলাদেশ আবার লিড পায়। এরপর ম্যাচে প্রাধান্য বিস্তার করে চাইনিজ তাইপে। একাধিক পেনাল্টি কর্নার পেলেও অবশ্য গোল করতে পারেনি। এতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
