শেরপুর সংবাদদদাতা : প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ১২৮টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এ আসনে দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। তারা হলেন-বিএনপির ধানের শীষ প্রতীকের মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কাঁচি প্রতীকের মোহাম্মদ মিজানুর রহমান।
সকালে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম।
তবে দু’তিনটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফল করতে তৎপর রয়েছে নির্বাচন কমিশন।
পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় এ আসনে দুই উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রতি কেন্দ্রে ৬ জন করে পুলিশ ও ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন ১৪ জন ম্যাজিস্ট্রেট, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন কমিশনের স্থানীয় ১৮ জন কর্মকর্তা। পাশাপাশি দুই উপজেলায় ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করছেন।
