আশুলিয়া প্রতিনিধি : সাভার উপজেলার আশুলিয়ায় পরিত্যক্ত স্থান থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ পাওয়া গেছে; যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার ওসি মো. রুবেল হাওলাদার।
নিহত মোছা. রোখমা খাতুন (২২) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মাথাভাঙ্গা গ্রামের ইউসুফ হৃদয়ের স্ত্রী। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত ‘ইকো গার্মেন্টসে’ চাকরি করতেন।
পুলিশ ও স্বজনরা জানান, দুই শিশু সন্তানসহ দাদীর সঙ্গে বালুর মাঠের পাশে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন রোকমা। তার স্বামী হৃদয় গ্রামের বাড়িতে থাকেন।
সকালে পরিত্যক্ত স্থানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। খবর পেয়ে রোকমার স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। নিহতের মাথায় ও মুখে আঘাতের চিহ্নি রয়েছে।
মঙ্গলবার রাতের কোনো এক সময় কে বা কারা তাকে হত্যার পর লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি রুবেল হাওলাদার বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
