স্টাফ রিপোর্টার : সাভারে অবৈধ অটোরিক্সা বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে চালকদের হামলার শিকার হয়েছেন হাইওয়ে পুলিশের সদস্যরা। এতে এক পথচারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে ২ অটোরিক্সা চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তবে অটোচালকদের দাবি হাইওয়ে পুলিশের অব্যাহত চাঁদাবাজীর প্রতিবাদ করতে গেলে তোপের মুখে পড়েন পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, হাইকোর্টের নির্দেশনা ও সড়ক দুর্ঘটনা কমাতে অবৈধ অটোরিক্সার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় অটোরিকশা চালকেরা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করে এবং পরে হাইওয়ে থানায় হামলার চেষ্টা চালায়।
বিক্ষোভকারীদের হামলায় চার পুলিশ সদস্য ও এক পথচারী আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ।
অন্যদিকে অটোরিকশা চালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশ সড়কে অটোরিক্সা চলাচলের মৌখিক অনুমতি দিয়ে রেকার বিলের নামে ২৬শ টাকা করে অটোরিক্সা প্রতি হাতিয়ে নিচ্ছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান আলী বলেন, অটোরিক্সায় অভিযান চালালে চালকরা জড়ো হয়ে নানা অপতৎপরতা চালায় এবং হামলা-ভাঙচুর করে।
