শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
প্রেমিকাকে এএসপি পরিচয় দেন রাজমিস্ত্রি, কার্ড বানাতে গিয়ে ধরা
daily-fulki

প্রেমিকাকে এএসপি পরিচয় দেন রাজমিস্ত্রি, কার্ড বানাতে গিয়ে ধরা


রংপুর সংবাদদাতা : প্রেমিকার কাছে নিজের ভুয়া পরিচয় টিকিয়ে রাখতে গিয়ে শেষ রক্ষা হলো না মোস্তাফিজুর রহমান (৩০) নামের এক যুবকের। পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) পরিচয়ে প্রেম করলেও, ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে রংপুরে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাব এলাকার একটি প্রিন্টিং দোকান থেকে তাকে আটক করা হয়। মোস্তাফিজুর দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোস্তাফিজুর দুপুরে প্রেসক্লাব আরটি প্রেসে তৃতীয় তলায় একটি দোকানে গিয়ে নিজেকে এএসপি পরিচয় দেন। পরে একটি পুলিশের আইডি কার্ড তৈরির অর্ডার দেন। তবে কার্ডটি হাতে পাওয়ার পর তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর জানান, তিনি এএসপি পরিচয়ে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। সম্প্রতি ওই প্রেমিকা তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা বানাতে রংপুরে আসেন। গত সোমবার থেকে তিনি নগরীর মুন হোটেলে অবস্থান করছিলেন।

তিনি জানান, প্রেমের সম্পর্কের সময় প্রেমিকাকে এআই দিয়ে বানানো ছবি দিয়ে পরিচয় দেন পুলিশের এএসপি তিনি। তবে প্রেমিকার সেটাতে বিশ্বাস না হওয়ায় চান পুলিশের আইডি কার্ড। সেটা বানানোর জন‍্যই দিনাজপুর থেকে রংপুর ছুটে আসেন মোস্তাফিজুর। তিনি পেশায় রাজমিস্ত্রি। 

‎কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, আটক যুবকের পরিবার জানিয়েছে, তিনি গত ৬ মাস ধরে নিখোঁজ ছিলেন। একইসঙ্গে পরিবারের দাবি, মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন তিনি। তবে জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত