সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
daily-fulki

এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং

স্টাফ রিপোর্টার : মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রতারণা ও হ্যাকিং ঠেকাতে সরকার সাতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

 

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে এমএফএস একটি জনপ্রিয় ও সহজ লেনদেন পদ্ধতি হিসেবে দ্রুত বিস্তার লাভ করেছে। প্রযুক্তিগতভাবে নিরাপদ হলেও ব্যবহারকারীদের অসচেতনতা, যেমন—পিন নম্বর শেয়ার করা, ডিভাইস হ্যাকিং এবং প্রতারকদের নতুন কৌশলের কারণে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন।

তিনি জানান, সরকার ও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সতর্ক রয়েছে এবং পেমেন্ট সিস্টেমকে আরও নিরাপদ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের ৭টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ

১. এক এনআইডিতে এক এমএফএস হিসাব:একজন গ্রাহক একটি এমএফএস প্রোভাইডারের সঙ্গে একটি মাত্র অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ জন্য মোবাইল নম্বর ও এনআইডি যাচাইয়ের সমন্বিত ব্যবস্থা চালু করা হচ্ছে, যেখানে বিটিআরসি-এর সহযোগিতা থাকবে।

২. সচেতনতা বৃদ্ধি:পিন নম্বর সুরক্ষা ও প্রতারণা বিষয়ে এসএমএস, ভয়েস মেসেজ, ইমেইল ও গণমাধ্যমে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

৩. এজেন্টদের ওপর নজরদারি:এমএফএস এজেন্টদের কার্যক্রমে কঠোর মনিটরিং করা হচ্ছে। সন্দেহজনক লেনদেন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

৪. অভিযোগ দ্রুত নিষ্পত্তি:গ্রাহকদের অভিযোগ কেসভিত্তিক দ্রুত সমাধানের জন্য এমএফএস প্রোভাইডারদের নিজস্ব ব্যবস্থাকে সক্রিয় করা হয়েছে।

৫. আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান:অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করে প্রতারক চক্র দমনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৬. নিয়মিত পরিদর্শন:বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এমএফএস সেবার ঝুঁকি নিরূপণে নিয়মিত পরিদর্শন করছে।

৭. সন্দেহজনক লেনদেন রিপোর্টিং:সন্দেহজনক লেনদেনের তথ্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এ পাঠানো হচ্ছে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সর্বাধিক পঠিত