সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন সাকিব
daily-fulki

রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন সাকিব


স্টাফ রিপোর্টার : দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতিতে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজনীতি থেকে সরে যাননি, তবে এই মুহূর্তে তার প্রধান অগ্রাধিকার ক্রিকেট ও দেশে ফেরা। তবে দলীয় কার্যক্রম সচল হলে ফের রাজনীতিতে সক্রিয় হতে চান একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে ক্রিকেট ও রাজনীতি নিয়ে খোলামেলা আলাপ করেছেন সাকিব।


সেখানে রাজনীতিতে ফেরা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘(এখন)  যেহেতু আমাদের দলের (আওয়ামী লীগ) কার্যক্রম নাই সেহেতু চেষ্টা করছি ক্রিকেটটা খেলে যাওয়ার। দলের যখন কার্যক্রম যখন শুরু হবে বা আমরা করতে পারব তখন হয়ত আবার চেষ্টা করব রাজনীতিটা করার।’
ক্রিকেট ও রাজনীতি নিয়ে নিজের ভাবনা ব্যাখ্যা করে সাকিব বলেন, ‘রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট।


এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখান থেকে বড় ধরণের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে। সব সময় থাকবে।


বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আরো বলেন, ‘পরিস্থিতি সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয়। আমি আশা করছি ভবিষ্যতে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়। আমি আশা করছি ভবিষতে ভালো কিছুই হবে। ’

সাকিব আল হাসান প্রায় দুই বছর ধরে আছেন দেশের বাইরে আছেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই সংসদ সদস্য আর দেশে ফিরেননি।

তবে সম্পতি বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন,  আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে সাকিবকে স্বাগত জানানো হবে।

দেশে ফেরার  প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি আশাবাদী,  সবসময়ই একজন আশাবাদী মানুষ ছিলাম। আইনি প্রক্রিয়াগুলোর কাজ শুরু হয়েছে। এখন যত দ্রুত সম্ভব যদি আমি সমাধান করতে পারি… না হলে হয়ত সময় লাগবে। কিন্তু আমি চেষ্টা করছি দ্রুত যেন সমস্যাগুলোর সমাধান করতে পারি। এখন বিষয়গুলো যত দ্রুত সমাধান করা সম্ভব হবে, আমি তত দ্রুতই ফিরতে পারব।

 

সর্বাধিক পঠিত