মানিকগঞ্জ প্রতিনিধি : ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে গত ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আরও একটি মামলা দায়ের করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, মানিকগঞ্জের একটি মেলার মঞ্চে পরিবেশিত গানে আবুল সরকার আল্লাহকে নিয়ে অশ্রদ্ধা ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫ ও ২৯৫(ক) ধারায় অভিযোগ আনা হয়।
এদিকে, সর্বশেষ শুনানি শেষে হাইকোর্ট তাকে জামিন প্রদান করেন এবং একই সঙ্গে স্থায়ী জামিন কেন দেওয়া হবে না—সে বিষয়ে রুল জারি করেন।
