কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (৪ এপ্রিল) রাতের আঁধারে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ওই কার্যালয় থেকেই তারা নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন। হঠাৎ করে রাতের বেলায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ভেতরের প্রয়োজনীয় নথিপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “রাতের আঁধারে পরিকল্পিতভাবে আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ধ্বংস হয়ে গেছে।"
পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ দাবি করেন, “দলের কার্যক্রম ব্যাহত করতে ফ্যাসিস্ট ও স্বাধীনতার পরাজিত শক্তিরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।” তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
