মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
দেশজুড়ে তাপপ্রবাহ, বৃষ্টি হবে কবে
daily-fulki

দেশজুড়ে তাপপ্রবাহ, বৃষ্টি হবে কবে


স্টাফ রিপোর্টার : চৈত্রের ঝাঁজালো রোদে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অন্তত ১৫ জেলায় বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে।

রোববার (৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টির দেখা মিলতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ঝরতে পারে শিলাও।


আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার (৬ এপ্রিল) থেকে বৃষ্টির আওতা বাড়বে উল্লেখযোগ্য হারে।

ঐদিন রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—অর্থাৎ প্রায় সারা দেশেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলবৃষ্টির আশঙ্কাও রয়েছে।


৭ ও ৮ এপ্রিল বৃষ্টির তীব্রতা ও ব্যাপ্তি আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে (৮৩ মিলিমিটার)। এ ছাড়া শ্রীমঙ্গল ও রাজারহাটেও সামান্য বৃষ্টি হয়েছে।

বর্তমানে টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তার জানিয়েছে, আগামী পাঁচ দিনে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বৃষ্টির প্রভাবে চলমান তাপপ্রবাহ অনেক এলাকা থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই আবহাওয়াত্ত্বিক পরিস্থিতির কারণেই মূলত মেঘের ঘনঘটা এবং পরবর্তী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
 

সর্বাধিক পঠিত