স্টাফ রিপোর্টার : সাভারে আট বছরের শিশু ওয়াহিদের অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুই চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে আপন পাষান্ড দুলা ভাইয়ের বিরুদ্ধে ।
শনিবার (৪ এপ্রিল) বংশী নদীর তীরে সাভার নামা বাজার সীমান্ত সংলগ্ন ধামরাইয়ের নিলা বর্ষা পার্কের সামনে থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে শিশুটিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিশু ওয়াহিদ নাজিম সাভার পৌর এলাকার ভাগলপুরে ভাড়া বাসায় পিতা নাজিমউদ্দিন মা সাহিদা বেগমের সঙ্গে বসবাস করেন। অভিযুক্ত দুলা ভাই রাজ্জাক ধামরাইয়ের বরদাইল এলাকার সালামের ছেলে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত রাজ্জাক মাদকাসক্ত।
প্রত্যক্ষদর্শী শিরীন আক্তার ও বাবুল হোসেন জানান, সকালে বাড়ির পাশে পার্কের কাছে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। দুই চোখ ফুলা এবং শরীর দিয়ে রক্ত বের হচ্ছিল। শিশুটি ফুফিয়ে কাদছিল। পরে কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতের পিতা নাজিম উদ্দিন জানান, তার ছেলে ওয়াহিদকে মেয়ের জামাই রাজ্জাক মারধর করেছে। হাসপাতালে এসে দেখেন, শিশুর দুই চোখে সুপার গ্লু আঠা দেওয়া। চোখ ফুলে গেছে। যন্ত্রণায় কাতরাচ্ছিল। তবে নির্যাতনের কারণ তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান বলেন, শিশুটির চোখে সুপার গ্লু আঠা দিয়ে বন্ধ ছিল এবং তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
তিনি আরও জানান, তার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। শিশুটির ষ্পর্শ কাতর অঙ্গ চোখের মারাত্মক ক্ষতির আশংকা থাকায় তাকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এস আই) মোস্তাকিম বিল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটির দুই চোখে আঠা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ধামরাই থানার আওতাধীন এলাকায় সংগঠিত হয়েছে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
