স্টাফ রিপোর্টার : চৈত্র মাসের মাঝামাঝি সারাদেশে তাপমাত্রা দ্রুত বাড়ছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে রাজধানীতেও গরমের তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় অস্বস্তি বেড়েছে নগরজীবনে।
একইসঙ্গে আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা না থাকায় আরও ভ্যাপসা হয়ে উঠছে পরিস্থিতি। এছাড়াও দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে, ফলে স্বস্তির সম্ভাবনা আপাতত কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা নগরবাসীর অস্বস্তি আরও বাড়াতে পারে।
পূর্বাভাসের তথ্যানুসারে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি বাড়াচ্ছে। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
জানা যায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।
এদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
