আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের পৃথক দুটি অভিযানে মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ১ কেজি গাঁজা, ২০ লিটার চোলাই মদ এবং ৫১ পিস ইয়াবা ট্যাবলেট।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১২টারদিকে এসআই মোঃ মতিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হল, ইউসুফ আলী (৪৫) ও তার স্ত্রী মোসাঃ শিল্পী বেগম (৪০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা (আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা)। এছাড়া মোঃ আরিফ হোসেন রাজু (২৬)কে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ২০ লিটার চোলাই মদসহ (আনুমানিক মূল্য ২০ হাজার টাকা) আটক করা হয়।
একইদিন ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এসআই মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে অন্য একটি দল আশুলিয়ার নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে বিদ্যুৎ সরকার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। আটক ইউসুফ আলীর বিরুদ্ধে ৫টি এবং বিদ্যুৎ সরকারের বিরুদ্ধেও ৫টি মাদক মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
