শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে দুঃসাহসিক ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
daily-fulki

মানিকগঞ্জে দুঃসাহসিক ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার

 

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে দুটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘটিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ এপ্রিল)  দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় মানিকগঞ্জ সদর, ঢাকা জেলার আশুলিয়া এবং গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ রাতে শিবালয় উপজেলার আসতিয়া পেপার অ্যান্ড বোর্ড মিলে এবং ২৩ মার্চ ভোরে ঘিওরের পুখুরিয়া এলাকায় অবস্থিত অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড কারখানায় সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়।

২০ থেকে ২৫ জনের সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে, হাত-পা বেঁধে মারধর করে মেশিন রুমে আটকে রাখে। পরে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ, তামার তার, কম্পিউটার, ডিভিআর ও নগদ অর্থসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নেয়।

পরবর্তীতে ডিবি পুলিশের অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ তামা, বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

সংবাদ সম্মেলনে  আরো জানানো হয়,  এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বাধিক পঠিত