কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার সমুদ্রসৈকতে শুরু হয়েছে ‘কিউট ৮ম জাতীয় সার্ফিং টুর্ণামেন্ট’। শুক্রবার (৩ মার্চ) সকালে লাবণী পয়েন্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারকে কেন্দ্র করে ‘স্পোর্টস ট্যুরিজম’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি আশা প্রকাশ করেন, দেশের তরুণ সার্ফাররা একদিন আন্তর্জাতিক অঙ্গণেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, সার্ফিং একটি সম্ভাবনাময় ক্রীড়া, যা পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে পারে।
নীল সমুদ্রের ঢেউয়ে ভেসে চলা সার্ফারদের দৃষ্টিনন্দন পারফরম্যান্সে মুখর হয়ে ওঠে সৈকতের লাবণী পয়েন্ট।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে অংশ নিয়েছেন প্রায় ৭০ জন দেশীয় সার্ফার।
বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সভাপতি একেএম মুজাহিদ উদ্দিম জানান, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে সার্ফিংয়েও বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
উদ্বোধন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী সার্ফিংয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন ক্রীড়া কার্যক্রম চালু এবং আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে এগিয়ে চলা এই সার্ফারদের স্বপ্ন এখন আরও বড়। সংশ্লিষ্টদের মতে, সঠিক প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে তারাই একদিন বৈশ্বিক অঙ্গণে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠতে পারে।
