স্টাফ রিপোর্টার : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সব অফিস চলবে এবং ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টার মধ্যে। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলে। আজ শুক্রবার থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
এ ছাড়া সন্ধ্যা ৬টার পর সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখতে হবে। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এদিন রাত ৯টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টায়।
