বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
দখলমুক্ত সাভার বাসস্ট্যান্ডে ফিরেছে শৃঙ্খলা , স্বস্তিতে পথচারী-চালকরা
daily-fulki

দখলমুক্ত সাভার বাসস্ট্যান্ডে ফিরেছে শৃঙ্খলা , স্বস্তিতে পথচারী-চালকরা

 

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত, ঢাকা-আরিচা মহাসড়কের লোকাল লেনের পাশাপাশি ফুটওভার ব্রিজও এখন দখলমুক্ত। এতে করে স্বস্তি ফিরে এসেছে পথচারী ও চালকদের মাঝে। একসময় যেখানে হকারদের দখল, হাঁকডাক ও তীব্র যানজটে জনজীবন ছিল বিপর্যস্ত, এখন সেখানে দেখা যাচ্ছে স্বাভাবিক ও নিরাপদ চলাচলের পরিবেশ।

পথচারীদের ভাষ্য অনুযায়ী, ফুটপাত দখলমুক্ত হওয়ায় তারা নির্বিঘ্নে হেঁটে চলাচল করতে পারছেন। একইসঙ্গে মহাসড়কের লোকাল লেন ফাঁকা থাকায় যানবাহন চলাচলেও গতি ফিরেছে। এতে করে সময় বেচেছে এবং কমছে প্রতিদিনের দুর্ভোগ।

বিশেষ করে ফুটওভার ব্রিজ দখলমুক্ত হওয়ায় পথচারীদের স্বস্তি আরও বেড়েছে। আগে যেখানে ব্রিজে উঠলেই হকারদের ভিড়, হাঁকডাক এবং চলাচলে বাধার মুখে পড়তে হতো, এখন সেখানে নির্বিঘ্নে পারাপার হওয়া যাচ্ছে। এতে করে সড়ক পারাপারও হয়েছে অনেক বেশি নিরাপদ।
এ উন্নয়নের জন্য সাভারের স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। 
তারা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তিনি সাধারণ মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব করেছেন।
তবে এ অর্জন ধরে রাখতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের আশঙ্কা, নতুন কোনো গোষ্ঠী আবারও ফুটপাত, ফুটওভার ব্রিজ ও মহাসড়ক দখলের চেষ্টা করতে পারে।

হেলাল উদ্দিন নামে এক পথচারী বলেন, “আগে ফুটপাততো দূরের কথা, ফুটওভার ব্রিজ দিয়েও ঠিকমতো হাঁটা যেত না। এখন অনেক স্বস্তিতে চলাচল করতে পারছি।”

স্কুল শিক্ষক শহিদুর রহমান বলেন, “ফুটওভার ব্রিজ পরিষ্কার থাকায় এখন নিরাপদে রাস্তা পার হওয়া যাচ্ছে। এটা সত্যিই অনেক বড় পরিবর্তন।”

নিয়মিত চলাচলকারী গৃহিণী সালমা আক্তার বলেন, “আগে বাচ্চাদের নিয়ে ব্রিজে উঠতেই ভয় লাগত। এখন অনেকটা নিশ্চিন্তে চলাচল করা যায়। এই পরিবেশ যেন স্থায়ী হয়।”


বাস চালক সাইফুল ইসলাম বলেন, “লোকাল লেন ফাঁকা থাকায় এখন গাড়ি চালাতে সুবিধা হচ্ছে। যানজট অনেক কমে গেছে।”

এলাকাবাসী মনে করছেন, সাভার বাসস্ট্যান্ড এলাকায় এই ইতিবাচক পরিবর্তন ধরে রাখতে হলে প্রশাসনের কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখা জরুরি। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের ধারাবাহিক তদারকিও গুরুত্বপূর্ণ, যাতে সাভারবাসী স্থায়ীভাবে একটি দখলমুক্ত, নিরাপদ ও যানজটমুক্ত পরিবেশে চলাচল করতে পারেন।

 

সর্বাধিক পঠিত