উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায় বুধবার (১ এপ্রিল) একটি পেট্রোল পাম্পে অতিরিক্ত জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, সংশ্লিষ্ট পাম্প কর্তৃপক্ষ নিয়মবহির্ভূতভাবে নির্ধারিত সীমার অতিরিক্ত পরিমাণ তেল সংরক্ষণ করছিল। যা দেশের প্রচলিত আইন ও নিরাপত্তা বিধিমালার পরিপন্থী।
গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অতিরিক্ত তেল মজুত রাখা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে। এ ধরনের অনিয়ম রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।
এ ঘটনায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
স্থানীয় প্রশাসন আরও জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কারসাজি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
