মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক
daily-fulki

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক


ফুলকি ডেস্ক : বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক। বুধবার মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই কেউ দিলেন বাঁধনহারা দৌড়, কেউ আলিঙ্গনে জড়ালেন সতীর্থকে। একদিকে চার দশক পর বিশ্বকাপে ফেরার আনন্দে মাতে ইরাক; অন্য দিকে কাছাকাছি গিয়েও তরি তীরে না ভেড়ায় কান্নায় ভাসছে বলিভিয়ান খেলোয়াড়রা।

 

বিশ্বকাপের প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে ইরাক। এর ফলে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে 'লায়ন্স অব মেসোপটেমিয়া'।


ম্যাচের ৯ মিনিটে বক্সের বাইরে ফ্রি–কিক পায় ইরাক। ফ্রি–কিক থেকে আল–আমারির নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে বলিভিয়াকে রক্ষা করেন গোলরক্ষক গিলের্মো ভিসকারা। তবে পরের মিনিটে ঠিকই এগিয়ে যায় ইরাক। আল–আমারির কর্নারে দারুণ এক হেড দিয়ে এশিয়ান দেশটিকে এগিয়ে দেন আল–হামাদি।

 

পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে বলিভিয়া। ইরাককে চাপে ফেলে ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করে তারা। একাধিকবার কাছাকাছি গিয়ে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত ম্যাচের ৩৮ মিনিটে সমতা ফেরায় তারা। বলিভিয়ার হয়ে গোল করেন মইসেস পানিয়াগুয়া। সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দুই দলই চেষ্টা করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার। পাল্টাপাল্টি একাধিক আক্রমণেও যায় তারা। যদিও গোলের হাসিটা হেসেছে ইরাকই। বদলি নামা মার্কো ফারজির পাসে বক্সের ভেতর দুর্দান্ত এক ফিনিশিংয়ে ইরাককে এগিয়ে দেন আইমেন হুসেইন।

পিছিয়ে পড়েও ম্যাচের শেষ পর্যন্ত বলিভিয়া চেষ্টা করেছে লড়াইয়ে ফেরার। বিশেষ করে শেষ কয়েক মিনিটে ইরাককে কোণঠাসা করে একের পর এক আক্রমণেও যায় তারা। তবে কাঙ্ক্ষিত গোলটা আর ধরা দেয়নি। ২-১ গোলের জয়ে ৪৮তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে ইরাকই।

 

সর্বাধিক পঠিত