স্টাফ রিপোর্টার : দুর্নীতির অভিযোগ থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন।
সোমবার তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বঙ্গভবনে পাঠানো হয়েছে।
বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সম্প্রতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক।
ওই আবেদনে বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি গুরুতর অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা নিয়ে তদন্তের জন্য কাউন্সিলে সুপারিশও করা হয়েছিল।
অভিযোগ থেকে জানা যায়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার শুনানিতে বিচারপতি রেজাউল হাসান চরম পক্ষপাতমূলক আচরণ করেছেন। একটি মামলায় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবী আদালতে উপস্থিত না থাকলেও রায়ে তার নামে কাল্পনিক যুক্তিতর্ক উল্লেখ করা হয়েছিল, যা পরবর্তী সময়ে আপিল বিভাগ বাতিল করে দেয়।
অন্য একটি মামলায় অভিযোগ করা হয়েছে, আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার ১৩ লাখ শেয়ার অবৈধভাবে বাতিল করে দেওয়া হয়। আবেদনকারীর মতে, এই ধরনের রায় বিচার বিভাগের নিরপেক্ষতা ও ন্যায়বিচারের নীতির সম্পূর্ণ পরিপন্থী।
পদত্যাগপত্রটি ইতোমধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
