সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কেরানীগঞ্জে খোলা বাজারে অকটেন বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা
daily-fulki

কেরানীগঞ্জে খোলা বাজারে অকটেন বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা


কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরানীগঞ্জে খোলা বাজারে বেশি দামে অকটেন বিক্রি ও অবৈধ সরবরাহের অভিযোগে এক ব্যবসায়ী ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতিতে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি রোধে এ অভিযান পরিচালনা করা হয়।

গতকাল রবিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার ও কদমতলী এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা দেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানোর সময় রামেরকান্দা বাজারে এক ব্যবসায়ীকে খোলা বাজারে প্রতি লিটার ২৩০ টাকা দরে অকটেন বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। তিনি এক মোটরসাইকেল আরোহীর কাছে ১২ লিটার অকটেন বিক্রি করছিলেন। এ অপরাধে পেট্রোলিয়াম আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী গোলচক্কর এলাকার তানাকা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে যানবাহন ছাড়া গ্যালনে করে প্রতি লিটার ১৩৫ টাকা দরে অকটেন বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একই ধরনের কার্যক্রমের পুনরাবৃত্তিও দেখা যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন-২০২৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া বলেন, জ্বালানি তেলের বর্তমান সংকটকে কেন্দ্র করে অসাধু মহলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি ও সরবরাহকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
 

সর্বাধিক পঠিত