মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের নতুন বসতি গ্রামে গত শুক্রবার রাতে বসতবাড়ির ঘর ভাগাভাগি নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন। নিহতের নাম বজলুর রহমান ওরফে রাবিল হোসেন (৫৫)। ভাগবাটোয়ারা নিয়ে ডাকা সালিশে অপর ভাইয়েরা হামলা করলে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে সাকিবুর রহমান আহত হয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নতুন বসতি গ্রামের মৃত ধলা মিয়ার সাত ছেলে ও এক মেয়ে। সন্তানদের মধ্যে বড় ছেলে ও একমাত্র মেয়ে রঞ্জু বেগম মারা গেছেন। বাড়িতে টিনশেডের চার কক্ষের একটি আধাপাকা বাড়ি আছে। চারটি কক্ষের দুটিতে রাবিল ও তাঁর পরিবার থাকেন ও অপর দুটি কক্ষে বোন রঞ্জুর সন্তানরা থাকতেন। সম্প্রতি রঞ্জুর সন্তানরা অন্যত্র বাড়ি করলে ওই দুটি কক্ষ খালি হয়। এরপর থেকে ওই দুটি কক্ষের ভাগবাটোয়ারা নিয়ে রাবিলের ও তাঁর ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল।
এ নিয়ে গত শুক্রবার সন্ধ্যার পর বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ হয়। এতে রাবিল, তাঁর তিন ভাই রাশিদুর রহমান, জিয়াউর রহমান, সাইদুর রহমান ও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। রাত ৮টার দিকে সালিশের এক পর্যায়ে রাবিল ও তাঁর ভাইদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া শুরু হয়। এ সময় ভাই ও ভাতিজাদের কিল-ঘুসি ও লাথিতে রাবিল অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।
সদর থানার ওসি ইকরাম হোসেন বলেন, নিহতের ছেলে সাকিবুর রহমান শনিবার ১২ জনের নামে মামলা করেছেন। এ মামলায় নিহতের ভাতিজা পিয়াস খানকে গ্রেপ্তার করা হয়েছে।
