সিংগার (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে উজ্জ্বল মোল্লা (২৬) এবং তার ভাতিজা এম. রেজুয়ান হোসেন (১৯) ছুরিকাঘাতের শিকার হয়েছেন। আহত উজ্জ্বল মোল্লা গুরুতর আহত অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আহত উজ্জ্বল মোল্লার বাবা আঃ আলীম মোল্লা (৪৭) শনিবার (২৮ মার্চ) সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ২৭ মার্চ রাত আনুমানিক ১০টারদিকে মেদুলিয়া গ্রামের ডাবল ব্রিজ এলাকা থেকে বাড়ি ফেরার পথে নয়ন মিয়া (২৪), তার পিতা নাজিমুদ্দিন এবং আরও ৪-৫ জন সংঘবদ্ধভাবে উজ্জ্বল মোল্লার গতিরোধ করে। প্রথমে নয়ন মিয়ার হাতে থাকা ধারালো চাকু দিয়ে উজ্জ্বল মোল্লার বুকের বাম পাশে আঘাত করা হয়। পরে আত্মচিৎকারে এগিয়ে আসা তার ভাতিজাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, হামলাটি পূর্ব পরিকল্পিত। উজ্জ্বল মোল্লার শরীরে অন্তত ৪টি সেলাই দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজাহারুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
