স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে (লেভেল-২) সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন সংসদের অধীনে এটি প্রথম কমিটি বৈঠক হওয়ায় এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা আসতে পারে।
একই দিনে বিকাল ৪টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে সরকারদলীয় সংসদ সদস্যদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা মনে করছেন, এসব বৈঠক সংসদের নিয়মিত কার্যক্রম শুরু ও সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর থেকেই সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
